Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

এখন সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর , ২০২৬, ০৪:৫১:৩৩ এম
যশোরে আন্তর্জাতিক ও জাতীয়  কন্যা শিশু দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক: র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে যশোরে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু একাডেমির যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল-‘শিশুদের বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’। প্রতিপাদ্যটিকে সামনে রেখে কালেক্টরেট সভার কক্ষ ‘অমিত্রাক্ষরে’ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুদের উদ্দেশে বলেন, দেশের অধিকাংশ কর্মস্থলে নারী অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। বর্তমান তরুণ প্রজন্মের কন্যাশিশুদের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তাই নিয়মিত পড়াশোনা করে নিজেদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তবেই তারা জীবনের বড় জায়গায় পৌঁছাতে পারবে এবং দেশের উন্নয়নে নিজেদের সঠিকভাবে কাজে লাগাতে পারবে। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনিতা মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার এস এম সিরাজুস সালেহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এতে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ফিরোজা বুলবুল কলি, মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রুদ্রানী দে, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী জারিফা নুর জাহান এবং পুরাতন কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ফাহমিদা মোস্তফা প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৬ জন ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)