নিজস্ব প্রতিবেদক : যশোর পৌর এলাকার মণ্ডপগুলোতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে ৪৬টি পূজামণ্ডপের প্রতিটিতে ৬ হাজার টাকা করে মোট ২ লাখ ৭৬ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার সভা কক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সহায়তা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌরসভা প্রশাসক রফিকুল হাসান বলেন, পূজা উপলক্ষে মন্ডপগুলোতে যাতায়াতের জন্য অনুপযোগী রাস্তাগুলো চলাচলের উপযোগী করে দেওয়া হবে। এছাড়া মন্ডপগুলোর আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি আগামী বছরের বর্ষার আগেই লালদিঘী এলাকাকে আরও দৃষ্টিনন্দন করে তোলার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন-জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের যুগ্ম সম্পাদক অলোক ঘোষ, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ঘোষ এবং সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান, প্রশাসনিক কর্মকর্তা উত্তর কুমার কুন্ডু, সহকারী প্রকৌশলী মোখলেসুর রহমান, জুবাউর রহমান, সাইফুল ইসলাম তুহিনসহ পৌর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।