Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

১৪ দেশের গবেষকদের নিয়ে যবিপ্রবিতে বৈশ্বিক প্রযুক্তি সম্মেলন ‘রাইকন ২০২৬’শুরু

এখন সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৬, ১০:১৪:২৪ পিএম

যবিপ্রবি প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘রাইকন ২০২৬’ আইইইই বাংলাদেশ সেকশন ও আইইইই রোবটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়োজনে এবং যবিপ্রবির ব্যবস্থাপনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ সম্মেলন চলবে শনিবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত। সরাসরি ও অনলাইন—দুই মাধ্যমে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে সম্মেলনের উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ ১৪টি দেশের গবেষক ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এতে জমা পড়া ৫১৭টি গবেষণাপত্রের মধ্যে কঠোর পর্যালোচনার মাধ্যমে ১৪৫টি পেপার উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। গবেষণাপত্র গ্রহণের হার প্রায় ২৮ শতাংশ। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংসের সমন্বিত প্রয়োগ শিল্প, স্বাস্থ্যসেবা, কৃষি ও শিক্ষাসহ মানুষের দৈনন্দিন জীবনকে পরিবর্তন করছে। প্রযুক্তির উন্নয়ন মানবকল্যাণে কাজে লাগানোর পাশাপাশি তা নৈতিক, অন্তর্ভুক্তিমূলক ও সমাজের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার ওপর গুরুত্ব দেন তিনি। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব হলো জ্ঞান ও গবেষণাকে মানুষের কল্যাণে কাজে লাগানোর মতো অর্থবহ উদ্ভাবনে রূপ দেওয়া। সম্মেলনে কি-নোট স্পিকার হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস ইনকর্পোরেটেডের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার রাম চন্দ্র পালসানিয়া। তিনি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ে প্রেডিক্টিভ মেইনটেইন্যান্স এবং যন্ত্রপাতির ডাউনটাইম কমাতে এআই-চালিত অটোমেশন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রযুক্তির নৈতিক ব্যবহার, ডেটা নিরাপত্তা এবং উন্নয়নশীল দেশগুলোতে সাশ্রয়ী ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান, অর্গানাইজিং কো-চেয়ার অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, জেনারেল চেয়ার অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া এবং টেকনিক্যাল প্রোগ্রাম কো-চেয়ার অধ্যাপক ড. শেখ মো. রবিউল ইসলাম বক্তব্য দেন। বিএমই বিভাগের প্রভাষক আনিকা আঞ্জুম ও ইইই বিভাগের প্রভাষক জাহেদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের আশা, এ সম্মেলনের মাধ্যমে দেশীয় গবেষকদের সঙ্গে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময় এবং প্রযুক্তিনির্ভর সমাধান বিকাশের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)