মিরাজুল কবীর টিটো : যশোর শিক্ষা বোর্ডের একাডেমী শাখার উপসচিব শেখ মোহাম্মদ সফি উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নাম সংশোধন করে দেয়ার নামে অর্থ বাণিজ্য করার অভিযোগে বৃহস্পতিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা।
বোর্ডের বিশেষ সূত্র জানিয়েছে, শেখ মোহাম্মদ সফি উদ্দিনের বোর্ডে পদ ছিল কম্পিউটার শাখার ডাটা অপারেটর। বিগত সরকারের আমলে অফিসের সিবিএ নেতৃবৃন্দের যোগসাজশে তিনি চেয়ারম্যানের পিএস পদে অতিরিক্ত দায়িত্ব পান। পরবর্তীতে একই লাইনে একাডেমী শাখার উপসচিব পদে অতিরিক্ত দায়িত্ব পান শেখ মোহাম্মদ সফি উদ্দিন। যেখানে বোর্ডের সচিব প্রফেসর ড. আব্দুল মতিন নিয়ম করেছেন সিরিয়াল অনযায়ী নাম সংশোধনের কাজ হবে। যাতে করে এ কাজে অফিসের সংশ্লিষ্টরা অর্থ বাণিজ্য করতে না পারে। এ নিয়মের মধ্যে একাডেমী শাখার উপসচিব শেখ মোহাম্মদ সফি উদ্দিন অনেক দিন ধরে নাম সংশোধন করে দেয়ার কথা বলে অর্থ বাণিজ্য করে আসছিলেন। বৃহস্পতিবার তার বিরুদ্ধে এ অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।