প্রেসবিজ্ঞপ্তি : ১৬ সেপ্টেম্বর খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে মাসব্যাপী প্রথম ইন্টার্নশিপ কর্মসূচির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ (আইএসএলএম) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন’ পাঠ্যক্রমে অর্জিত জ্ঞান বাস্তব কর্মপরিবেশে প্রয়োগের সুযোগ ইন্টার্নশিপের একটি গুরুত্বপূর্ণ দিক। গ্রন্থাগার ও তথ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম কাছ থেকে পর্যবেক্ষণ এবং হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনে এ কর্মসূচি শিক্ষার্থীদের সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরবর্তীতে তিনি সাতজন ইন্টার্ন শিক্ষার্থীর হাতে নিয়োগপত্র, ইন্টার্নশিপ কিট ও ফুল তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান এবং বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সাবেক ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ও ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক আহসান উল্লাহ। এসময় বিভিন্ন বিভাগের প্রধানরাও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ফারজানা শারমিন আনিকাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান (ইনচার্জ) ও আএইএসএলএম বিভাগের প্রধান (ইনচার্জ) ফারজানা শারমিন আনিকা। ওরিয়েন্টেশনের মাধ্যমে মাসব্যাপী ইন্টার্নশিপ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এ ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা গ্রন্থাগার সেবা, তথ্যসম্পদ ব্যবস্থাপনা ও ব্যবহারকারীদের তথ্যচাহিদা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। আয়োজকদের প্রত্যাশা, এ কর্মসূচি ইন্টার্নশিপে যোগদানকারী শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা ও ভবিষ্যৎ পেশাগত জীবনের মধ্যে সংযোগ গড়ে তুলতে সহায়তা করবে।