নিজস্ব প্রতিবেদক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে যশোরে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) যশোর পুলিশ লাইন্সের ব্যারাকের নিচতলার প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী যশোর জেলা পুলিশের ব্যবস্থাপনায় আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। প্রশিক্ষণে যশোর জেলা পুলিশ, পিবিআই যশোর এবং হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের বিভিন্ন পদমর্যাদার ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কার্যক্রমে নির্বাচনসংক্রান্ত টিওটি প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকরা মোট ১১টি সেশন পরিচালনা করবেন। সেশন শেষে মূল্যায়নের মাধ্যমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে। প্রশিক্ষণে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), যশোর ও প্রশিক্ষণের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা।