নিজস্ব প্রতিবেদক : যশোরে আলাদা অভিযানে ১ হাজার ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪১ বোতল ভারতীয় কফ সিরাপসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মোবারক হোসেন, চুটারহুদা গ্রামের আজগর আলীর ছেলে সেলিম হোসেন, ইন্দ্রপুর গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে টিপু সুলতান এবং শার্শা উপজেলার ধানতারা গ্রামের মৃত নুর আলী গাজীর মেয়ে মাজিদা খাতুন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মোবারক হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে চার বোতল ভারতীয় কফ সিরাপসহ তাকে আটক করা হয়। একই সকালে সেলিম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে টিপু সুলতানের বাড়িতে অভিযান চালিয়ে ৩৭ বোতল ভারতীয় কফ সিরাপসহ তাকে আটক করা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে যশোর শহরের চাকলাদার ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মাজিদা খাতুনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানগুলো পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান, উপপরিদর্শক রাফিজা খাতুন ও উপপরিদর্শক শাহারিয়ার হোসেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।