নিজস্ব প্রতিবেদক : যশোর বড় বাজারের মাছের আড়তে ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য ও আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় কর্ণফুলী ফিস নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বড় বাজারের মাছ বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান মনিটরিং করা হয়। অভিযানকালে ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য এবং আমদানি, ক্রয়-বিক্রয় ও সরবরাহ-সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় কর্ণফুলী ফিসের মালিক শামীম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারী দল প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে নির্ধারিত মূল্যে ভারতীয় ইলিশ বিক্রি এবং আমদানি-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশনা দেয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে ভারতীয় ইলিশের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যসহ সার্বিক কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে। অভিযানকালে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।