নিজস্ব প্রতিবেদক : ফেসবুক লাইভে লটারির মাধ্যমে স্ক্র্যাচ কার্ড বিক্রি করে জুয়া পরিচালনার অভিযোগে ৮ জনকে আটক করেছে র্যাব-৬ যশোর। সোমবার বিকেলে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুর রহিম গাজীর ছেলে শাহীন আলম, শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের বিল্লাল গাজীর ছেলে বাপ্পী হোসেন, একই উপজেলার মিন্দিনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম, কালীগঞ্জের শিবপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে সোহেল রানা, একই গ্রামের হোসেন গাজীর ছেলে শরিফুল ইসলাম, সালাম সরদারের ছেলে ফয়সাল হোসেন, মলেঙ্গা গ্রামের আব্দার রহমানের ছেলে নাজমুল হোসেন এবং মরাগাছা গ্রামের ইউসুফ আলীর ছেলে মিলন। র্যাব জানায়, আটকদের কাছ থেকে একটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও জুয়ার কার্ড উদ্ধার করা হয়েছে। র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বি প্রিন্স জানান, চক্রটি মূলত প্রবাসীদের টার্গেট করে ফেসবুক লাইভে স্ক্র্যাচ কার্ড বিক্রি করত। টাকা দিয়ে এসব কার্ড কিনলে ভাগ্যের ওপর নির্ভর করে নগদ টাকা ও বিভিন্ন পুরস্কার জেতার প্রলোভন দেখানো হতো। তিনি জানান, অনেক সাধারণ মানুষ এসব স্ক্র্যাচ কার্ড কিনে প্রতারণার শিকার হয়েছেন। এছাড়া চক্রটি বিভিন্ন সময় অনলাইন জুয়াও পরিচালনা করত বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চক্রটির অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।