নিজস্ব প্রতিবেদক : যশোরের সদর ও বাঘারপাড়া পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বাঘারপাড়ায় নিজ বাড়ি থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সদুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। সদর উপজেলার কাশিমপুরে বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় বাবলু খন্দকার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। তিনি রহেলাপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর মাঠে কৃষিকাজ করার সময় বাবলু বিষপান করে বাড়িতে ফেরেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়। পরিবারের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এদিকে, সদর উপজেলার ছাতিয়ানতলা এলাকার ভাইনা গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটে সামাল হোসেন (৪৫) নামে এক মোটরভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে মোটরভ্যানে বৈদ্যুতিক চার্জ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। সামাল হোসেন ভাইনা গ্রামের মৃত চুন্নু মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।