মিরাজুল কবীর টিটো: যশোরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা এবং শহরের যানজট নিরসনে লাইসেন্সবিহীন ইজিবাইক ও অটোরিকশা নিয়ন্ত্রণে আনার কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যশোর জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে কালেক্টরেট ভবনের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়। সভায় সভাপতির বক্তব্যে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ‘পানি জমে থাকার কারণেই মূলত ডেঙ্গুর বিস্তার ঘটে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি-বেসরকারি অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানে যাতে কোনোভাবেই পানি জমে না থাকে, সেজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রথমে সবাইকে সতর্ক করা হবে। সতর্কবার্তা না মানলে পরবর্তীতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এছাড়া শহরের শৃঙ্খলা ফেরাতে লাইসেন্সবিহীন সব ইজিবাইক ও অটোরিকশা কঠোরভাবে নিয়ন্ত্রণে আনার কথা জানান তিনি। সভায় যশোরের পুলিশ সুপার উল্লেখ করেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তবে সার্বিক পরিস্থিতি আরও উন্নত করতে রাজনৈতিক নেতৃবৃন্দের দিকনির্দেশনা ও স্থানীয় জনগণের সক্রিয় সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। স্বাস্থ্য খাতের বিষয়ে যশোরের সিভিল সার্জন ড. মাসুদ রানা জানান, যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এখনো লাইসেন্স নবায়ন করেনি এবং সঠিক মান বজায় না রেখে কার্যক্রম পরিচালনা করছে, সেগুলোর বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) উপস্থিত ছিলেন।