লোহাগড়া প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লোহাগড়ার সাংবাদিক কাজী আশরাফ (৪৫)। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দুই দফায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরিবার সূত্রে জানা গেছে, প্রথম জানাজার নামাজ সকাল ৮টায় লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আল-মারকাজুল মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। পরে সকাল ১০টায় ছত্রহাজারি স্কুল মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা যাওয়ার পথে সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় খুলনা-ঢাকা মহাসড়কে মোটরসাইকেল ও বাস সংঘর্ষে গুরুতর আহত হন সাংবাদিক কাজী আশরাফ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তিনি মারা যান। নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা এবং এশিয়ান টেলিভিশন ও দৈনিক করতোয়া পত্রিকার লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে নড়াইলের ও লোহাগড়ার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে, সাংবাদিক কাজী আশরাফের অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকের বার্তা ছড়িয়ে পড়েছে। সহকর্মীরা তাকে একজন বিনয়ী, পরিশ্রমী ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে স্মরণ করছেন।