Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রাষ্ট্রের দায় পরিশোধ করতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে : অধ্যাপক নার্গিস বেগম

এখন সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর , ২০২৬, ১০:৫৭:৪২ পিএম

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায় পরিশোধ করতে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। শনিবার সকালে যশোর শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে যশোর শিক্ষা ট্রাস্ট আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক নার্গিস বেগম বলেন, শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে সহায়তা করার জন্য দেশে বৃত্তি প্রদান কার্যক্রম চালু হয়েছে। শিক্ষার গুরুত্ব বিবেচনায় যুগে যুগে জমিদার, শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছেন। বর্তমান সরকারও শিক্ষা বিস্তারের লক্ষ্যে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। তিনি বলেন, রাষ্ট্র শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের সুযোগ করে দিচ্ছে। তাই রাষ্ট্রের প্রতি তাদের দায়বদ্ধতাও রয়েছে। সেই দায় পরিশোধের জন্য শুধু সনদ অর্জন নয়, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়ন ও কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে। যশোর শিক্ষা ট্রাস্টের উদ্যোগে জেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী এবং জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে ২০০ শিক্ষার্থীর মধ্যে মোট ৫ লাখ ৬৭ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, বৃত্তিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া খাতুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হাসান ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না নুরা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রফেসর জিল্লুল বারী। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে মাধ্যমিক পর্যায়ের ১২০ শিক্ষার্থীকে ২ হাজার ৪০০ টাকা করে এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ৬০ শিক্ষার্থীকে ৩ হাজার ৬০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ২১ মেধাবী সন্তানকে সংবর্ধনা দেওয়া হয় এবং প্রত্যেককে ৩ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)