নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের দড়াটানা মোড়ের ‘নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে’ অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। কেক ও বিস্কুটের প্যাকেটের গায়ে মূল্য তালিকা না থাকায় ও আমদানী কারকের ট্যাগ ছাড়া বিদেশী প্রসাধনী বিক্রির অপরাধে এ জরিমানা আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। তিনি জানান, মঙ্গলবার সকালে দড়াটানা মোড়ের ‘নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালানো হয়। অভিযানের সময় পরিদর্শনকালে দেখা গেছে সেখানকার অধিকাংশ কেক ও বিস্কুটের প্যাকেটের গায়ে মূল্য তালিকা লেখা ছিল না। সেই সাথে আমদানী কারকের ট্যাগ ছাড়া বিদেশী প্রসাধনী বিক্রি করা হচ্ছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।