নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগরে মো. বাহারুল মল্লিক ওরফে বাহুল্লু (৪৬) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় তার ভাই বিল্লাল মল্লিক (৪৭) বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রানাগাতী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের রশিদ মোল্লার বাগান থেকে বাহারুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তার বুকের নিচে ও বাম পায়ের হাঁটুর ওপর গুলির চিহ্ন রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। নিহত বাহারুল রানাগাতী পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল হাকিম মল্লিকের ছেলে। এজাহারে তাকে একটি চরমপন্থী দলের নান্নু গ্রুপের সঙ্গে সম্পৃক্ত এবং দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে অবস্থান করতেন বলে উল্লেখ করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে বাদী জানিয়েছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।