নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের দড়াটানা ও ঘোপ এলাকায় দুই খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ও শামিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঘোপ জেলরোড এলাকার জামতলা সাদেক মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশ এবং খোলা অবস্থায় মিষ্টি রাখার অপরাধে মালিক শাহাজান কবিরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দড়াটানা মোড়ের বটতলা হোটেলের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়ম পাওয়ায় মালিক আবুল কালামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটির মালিককে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তার নিয়ম মেনে চলার জন্য সতর্ক করেন। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।