নাভারণ প্রতিনিধি: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ গ্রাম গাঁজাসহ মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে এক সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাভারণ রেললাইন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন শার্শা থানার যাদবপুর (ডকেরবাগান) গ্রামের পাকা বাবুর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি দল নাভারণ রেলগেট এলাকার ফিরোজ হাওলাদারের বাড়ির পেছনে রেললাইন এলাকায় অভিযান চালায়। এ সময় ১৫ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে পূর্বেরও গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পরে গ্রেফতারকৃত আসামিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে।