নিজস্ব প্রতিবেদক : যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "এ ধরনের বিজ্ঞান প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত ও সৃজনশীল মেধার বিকাশ ঘটাবে। একই সাথে তা শিক্ষার্থীদের মূল ধারার লেখাপড়ায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং আগামী দিনে বিজ্ঞানমনস্ক জাতি গঠনে ভূমিকা রাখবে।" বিজ্ঞান ক্লাবের আহ্বায়ক প্রফেসর ড. শেখ খসরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. হারুন অর রশিদ। সহযোগী অধ্যাপক শাহাদাৎ হোসেনের প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মেহবুব হাসান ও রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী উর্মি খাতুন। উল্লেখ্য, এবারের বিজ্ঞান অলিম্পিয়াডে মোট ৭টি বিভাগের প্রতিযোগীদের মধ্য থেকে চূড়ান্তভাবে বিজয়ী ২১ জন শিক্ষার্থীর মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।