ক্রীড়া প্রতিবেদক : মানজাম্বির ঝড়ে ১০ জনের বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড।৭০ মিনিট পর্যন্ত ম্যাচে গোলের দেখা ছিল না। সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনার লড়াই তখন এগোচ্ছিল নিষ্প্রাণ ড্রয়ের দিকেই। তবে শেষ ২০ মিনিটে ম্যাচের চিত্র পুরো বদলে যায়। বদলি হিসেবে নেমে জোড়া গোল করেন ইয়োহান মানজাম্বি, লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়া বসনিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় সুইজারল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে দুই দলই ছিল সতর্ক। আক্রমণের চেয়ে মাঝমাঠের লড়াই এবং ফাউলের সংখ্যাই ছিল বেশি। উভয় দলই লক্ষ্যে মাত্র একটি করে শট রাখতে সক্ষম হয়, যা সহজেই সামাল দেন দুই গোলরক্ষক। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দল দুটি। দ্বিতীয়ার্ধেও দীর্ঘ সময় গোলের অপেক্ষায় থাকতে হয় দর্শকদের। ৭১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন সুইস মিডফিল্ডার ইয়োহান মানজাম্বি। মাঠে নামার মাত্র তিন মিনিট পরই দুর্দান্ত এক ভলিতে জাল খুঁজে নিয়ে ম্যাচের অচলাবস্থা ভাঙেন তিনি। বিশ্বকাপের মঞ্চে এটি ছিল তার প্রথম গোল। এরপর ৮০ মিনিটে বড় ধাক্কা খায় বসনিয়া। বিপজ্জনক ট্যাকলের কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তারিক মুহারেমোভিচ। ১০ জনের দলে পরিণত হওয়ার পর চাপ আরও বাড়ে তাদের ওপর। সেই সুযোগ কাজে লাগিয়ে ৮৪ মিনিটে রুবেন ভার্গাস ব্যবধান দ্বিগুণ করেন। ৯০ মিনিটে ভার্গাসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে সুইজারল্যান্ডকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন মানজাম্বি। যদিও এরমিন মাহমিচ এক গোল শোধ করে বসনিয়াকে ম্যাচে ফেরানোর ক্ষীণ আশা জাগিয়েছিলেন, তবে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে শেষ কথা বলেন সুইস অধিনায়ক গ্রানিত জাকা। ৪-১ গোলের দাপুটে এই জয়ে গ্রুপপর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করল সুইজারল্যান্ড। অন্যদিকে হারলেও নকআউট পর্বে ওঠার আশা এখনও বেঁচে আছে বসনিয়ার।