Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডেভিডের হ্যাটট্রিকে ৬-০ গোলে কাতারকে বিধ্বস্ত করলো কানাডা

এখন সময়: শুক্রবার, ১৯ জুন , ২০২৬, ০২:৩১:৪৯ পিএম

ক্রীড়া প্রতিবেদক : ডেভিডের হ্যাটট্রিকে বিধ্বস্ত কাতার। বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের খোঁজে নেমে যেন সব ক্ষুধা এক ম্যাচেই মিটিয়ে ফেলল কানাডা। স্বাগতিক দলটির আক্রমণাত্মক ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি কাতার। দুই লাল কার্ড, ভয়াবহ এক চোট এবং গোলবন্যার ম্যাচে মধ্যপ্রাচ্যের দলটিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের অন্যতম বড় জয় তুলে নিয়েছে কানাডা।ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় কানাডা। বলের দখল, আক্রমণ, শট,সব পরিসংখ্যানেই ছিল তাদের একচেটিয়া আধিপত্য। পুরো ম্যাচে ৭৮ শতাংশ বল দখলে রেখে ৩২টি শট নেয় তারা, যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে কাতার মাত্র দুটি শট নিতে পারলেও একটিও গোলমুখে রাখতে পারেনি। ১৬ মিনিটে জোনাথন ডেভিডের শট গোলরক্ষক মাহমুদ আবুনাদা ফিরিয়ে দিলে ফিরতি বলে গোল করে কানাডাকে এগিয়ে দেন কাইল লারিন। এরপর ২৯ মিনিটে ডান পায়ের ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলমুখের জটলা থেকে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৩-০ করেন এই ফরোয়ার্ড। ৩৩ মিনিটে তেজন বুকানানকে ফাউল করে লাল কার্ড দেখেন কাতারের হোমাম আহমেদ। ফলে প্রথমার্ধের শেষভাগ থেকেই ১০ জনের দলে পরিণত হয় তারা। বিরতির পর কাতারের দুর্দশা আরও বাড়ে। ইসমায়েল কোনেয়ের ওপর ভয়ঙ্কর ট্যাকলের জন্য আসিম মাদিবোও লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় কাতার। গুরুতর চোটে মাঠ ছাড়তে হয় কোনেয়েকে। পরে তার বদলি হিসেবে নামা নাথান সালিবা ৬৪ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান ৪-০ করেন। এরপর ৭৫ মিনিটে আত্মঘাতী গোলে কাতারের জালে পঞ্চমবার বল জড়ায়। আর যোগ করা সময়ে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন জোনাথন ডেভিড। তার হ্যাটট্রিকে ৬-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে কানাডা। এই জয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তো পেয়েছেই, সঙ্গে টুর্নামেন্টে শক্ত বার্তাও ছুড়ে দিল স্বাগতিকরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)