যবিপ্রবি প্রতিনিধি: ‘ক্রীড়াই হোক সৌহার্দ্য ও সম্পৃতির সেতুবন্ধন’ এই স্লোগান কে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী) ও কাবাডি (ছাত্র) প্রতিযোগিতা ২০২৫-২০২৬। পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেছে যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তর। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান। বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে আড়ম্বরপূর্ণ ও জমকালো এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান। ১৮ জুন থেকে ২২ জুন পাঁচ দিনব্যাপী এই আসরে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল (ছাত্র ও ছাত্রী) ও কাবডি (ছাত্র) দল পৃথকভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় । ২২ জুন এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান বলেন, যবিপ্রবি শিক্ষার পাশাপাশি খেলাধুলায় একটি মাইফলক। এই বিশ্ববিদ্যালয়ের বয়স তুলনামুলক কম হলেও খেলাধুলার ধারাবাহিকতা যবিপ্রবি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে অনেক এগিয়ে আছে। এ ধরণের প্রতিযোগীতায় অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পর্যায়ের খেলোয়ার তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। খেলাধুলার মধ্য দিয়ে সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সেতু বন্ধন হবে বলে মনে করেন। তিনি অংশগ্রহণকারী সকল খেলোয়ারদের খেলোয়ার সুলভ আচরণ বজায় রাখার আহবান জানান এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে ভবিষ্যতে ক্রীড়াতে সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য সকলকে অনুপ্রাণিত করেন। শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগীতার উদ্বোধনী ও সমাপনীর অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. মোঃ জিয়াউল আমিন এবং শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ শাহেদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা ২০২৫-২০২৬ এর পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধান, হল প্রভোষ্ট, শরীরচর্চা শিক্ষা দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীসহ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকল বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, প্রশিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ।