নিজস্ব প্রতিবেদক : মণিরামপুরের স্মরণপুর গ্রামে নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রাজমিস্ত্রি এনামুল হোসেন হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। আটককৃতরা হলো- মামলার এজাহারভুক্ত আসামি ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মফিজুর সরদারের ছেলে রাব্বি ও মৃত এমামুলের রাকিবুল। বুধবার দিবাগত গভীর রাতে যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকার রজনীগন্ধা তেল সামনে থেকে তাদের আটক করা হয়। এর আগে এ হত্যাকাণ্ডে জড়িত হুসাইনকে আটক করেছিল পুলিশ।
নিহত এনামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। বৃহস্পতিবার আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হলে তাদের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।
র্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, তারা ঢাকায় আত্মগোপনে ছিলো। সায়রা পরিবহনের একটি বাসে করে তারা যশোরে আসছে এমন সংবাদ আসে র্যাবের কাছে। তাৎক্ষণিক যশোর-মাগুরা সড়কের নওয়াপাড়ার রজনীগন্ধা পাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এর মধ্যে সায়রা পরিবহনের যাত্রীবাহী একটি বাস চেকপোস্টের সামনে আসলে থামিয়ে তল্লাশি করে রাব্বি ও রাকিবকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ৯ জুন রাতে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামে তিন রাস্তার মোড়ে এনামুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রেশমা খাতুন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে মণিরামপুর থানায় মামলা করেন। এ মামলার এজাহার নামীয় আসামি আটক রাব্বি ও রাকিবুল।