নিজস্ব প্রতিবেদক : যশোরের বহুলালোচিত মহিলালীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আবারও আটক করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মহুয়া শহরের পালবাড়ি গাজীরঘাট এলাকার মাহফুজুর রহমান দেওয়ানের স্ত্রী।
এছাড়া পুলিশ আলাদা অভিযানে নাশকতার পরিকল্পনার সাথে জড়িত থাকার অবিযোগে আরও তিনজনকে আটক করেছে।
আটককৃতরা হলো-শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকার সিরাজুল ইসলামের ছেলে ইমজামামুল হক জীম, সদরের পদ্মবিলা গ্রামের গোলাম মোস্তফা সরদারের ছেলে সবুজ হোসেন ও ঘুরুলিয়া গ্রামের দক্ষিণপাড়ার নিজাম উদ্দিনের ছেলে সুজন হোসেন।
কোতোয়ালি থানার এসআই অমৃত লাল দাস জানান, ২০২৫ সালের ২৯ অক্টোবর ঘোপ সেন্ট্রাল রোডের একটি দোকানে বসে সরকারি বিরোধী বিক্ষোভ সমাবেশের জন্য প্যানা তৈরী করা হচ্ছিল। সে সময় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এই ঘটনার সাথে আওয়ামী লীগের কয়েকজন নেতার নেপথ্যে থাকার সম্পৃক্ততা পায় পুলিশ। এদের মধ্যে মহুয়া ও জীম অন্যতম। এই মামলায় দুইজনকে আটক করে ১১ জুন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক নাসিমা সুলতানা মহুয়া এর আগেও নাশকতার মামলায় গত বছরের ডিসেম্বরে ডিবি পুলিশের হাতে আটক হয়েছিলেন। পরে তিনি জামিনে মুক্তি পান। এরপর বুধবার মধ্যরাতে আবারও তাকে আটক করা হয়েছে।
নাসিমা সুলতানা মহুয়া স্বৈরাচার আমলে যশোর জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী ছিলেন। এছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
এসআই রাইসুল ইসলাম জানান, ২০২৪ মালের ১৮ নভেম্বর রাতে যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা নামক স্থানে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। গাড়ি ভাঙচুর করে নাশকতা সৃষ্টি করে। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়। এই মামলার সন্দেহভাজন আসামি সবুজ ও সুজন হোসেন। তাদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।