নিজস্ব প্রতিবেদক : বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান এবং মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি আলী হোসেন মনি ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। সোমবার হাসপাতালে নেয়া হলে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার রাতেই তাকে সেখানে স্থানান্তরিত করা হয়।
৮০ ঊর্ধ্ব আলী হোসেন মনি হার্ট, কিডনি, শ্বাস প্রশ্বাসসহ বার্ধক্য জনিত নানা রোগে ভুগছেন।
তাঁর সহধর্মিনী এবং একমাত্র ছেলে রাজেন আলী রাজু আগেই গত হয়েছেন।
দেশে ফিরে বাবার চিকিৎসা দেখভাল করছেন কানাডা প্রবাসী একমাত্র মেয়ে ফারজানা আলী।
এর আগে ১২ মে শহরের রেল বাজারস্থ নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন আলী হোসেন মনি। সাথে সাথে তাঁকে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। দুইদিন বাদে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হসপিটালে (ধানমন্ডি পপুলার হসপিটাল) নেয়া হয়।
আলী হোসেন মনির মেয়ে ফারজানা আলী জানান-তার বাবার অবস্থা এখন ক্রিটিক্যাল। বর্তমানে তিনি নানা রোগে ভুগছেন। খাবার দেয়া হচ্ছে পাইপের সাহায্যে। তিনি জানান ঢাকায় মোটামুটি চিকিৎসা নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন নিকটবর্তী কোনো হসপিটালের অধীনে বাসায় চিকিৎসা দিতে। সোমবার যশোরে ফিরিয়ে আনা হয় তাকে।
আলী হোসেন মনি ছাত্র জীবনে ৬০ এর দশকে তৎকালীন যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সে সময় সভাপতি ছিলেন একরামুল কবির।
তিনি যশোর মুসলিম একাডেমী থেকে এসএসসি, এমএম কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেন।
১৯৬৯ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হন তিনি।
১৯৭১ সালে প্রথম ব্যাচে ভারতের দেরাদুনে যুদ্ধের ট্রেনিংয়ে অংশ নেন।
দেশ স্বাধীনের পরে জাসদ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন এবং পরবর্তী সময়ে জেলা জাসদের সভাপতি ছিলেন। দলের বিভক্তি হলে তিনি জাসদ (ইনু)র জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে বিভক্ত জাসদ ঐক্যবদ্ধ হলে আলী হোসেন মনি আওয়ামী লীগের সাথে যুক্ত হন। জেলা আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও সকল নির্বাচনে দলটির পক্ষে প্রচারণায় থাকতেন তিনি।