মাগুরা প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া পুঞ্জি ২০২৫-২৬ এর আওতায় বৃহস্পতিবার সকাল ১১ টায় মাগুরা জেলা স্টেডিয়ামে ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা ক্রীড়া অফিস এ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করে। চূড়ান্ত প্রতিযোগিতায় মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয় মহম্মদপুরের বীরেন সিকদার স্কুল এন্ড কলেজের। খেলায় উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে । নির্ধারিত খেলার শেষে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে মাগুরার নবাগত জেলা প্রশাসক মোঃ মোতাকাব্বীর আহমেদ প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের ও জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া অফিসার বলেন, খেলাধুলার মান উন্নয়নে জেলা ক্রীড়া অফিস কাজ করছে। তৃণমূল পর্যায়ের খেলোয়াড় তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এদেরকে গড়ে তোলা হচ্ছে। এজন্য জেলার ৪ উপজেলায় ফুটবল প্রশিক্ষণ, সাঁতার প্রশিক্ষণ, কাবাডি, অ্যাথলেটিক্স,দাবা, ভলিবল প্রশিক্ষণ অব্যাহত রয়েছে। জেলা পর্যায়ে থেকে এসব খেলোয়াড় বিভাগীয় পর্যায়ে অংশ নিচ্ছে।