কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : চাঁদা না দেয়ায় সন্ত্রাসীদের হামলায় বিপুল কুমার মন্ডল (৬০) নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তিনি পূজা উদযাপন পরিষদ ৫নম্বর সিমলা রোকনপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তিল্লা গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী অভিযুক্ত সেলিম হোসেন ও মুক্তার হোসেন নামে দুই সন্ত্রাসীর নাম উল্লেখ করে থানাতে একটি এজাহার দায়ের করেছেন।
উপজেলার তিল্লা গ্রামের বিপুল কুমার জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের সেলিম হোসেন ও মুক্তার হোসেন নামে দুই সন্ত্রাসী তার নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিল। ওই টাকা না দেওয়াতে সন্ত্রাসীরা তাকে প্রায়ই নানাভাবে প্রান নাশের হুমকিও দিচ্ছিল। বিপুল কুমার বলেন, ঘটনার দিন সোমবার সকালে তিনি বাড়ী থেকে কিছু দূরে প্রদিপ সরকারের চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এ সময়ে ওই দুই সন্ত্রাসী দা ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে রক্তাত্ব জখম করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে দুপুরে ভূক্তভোগী কালীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন।
কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত খা ওই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, অন্যায়ভাবে নিরীহ বিপুল কুমারকে মারপিট জখম করা হয়েছে। তিনি দ্রুতই সন্ত্রাসীদের আটকের দাবী জানান।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ জেল্লাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনে পুলিশি অভিযান চালানো হবে।