ক্রীড়া প্রতিবেদক: যশোরে মঙ্গলবার নতুন কুঁড়ি স্পোর্টসের ক্রিকেট ও ফুটবলের ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক ক্রিকেটে জয় পেয়েছে ঝিকরগাছা উপজেলা ও যশোর পৌরসভা দল। দিনের প্রথম খেলায় ঝিকরগাছা উপজেলা দল ৭ উইকেটের ব্যবধানে পরাজিত করে শার্শা উপজেলা দলকে। শার্শা উপজেলা দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪৫ রান করে। জবাবে,৬ ওভার ৩ বলে ৩ উইকেটে হারিয়ে জয় পায় ঝিকরগাছা উপজেলা দল। দিনের দ্বিতীয় খেলায় যশোর পৌরসভা দল ৬৭ রানের ব্যবধানে হারায় চৌগাছা উপজেলা দলকে। যশোর পৌরসভা দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ৭ ওভারে এক উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে। জবাবে,৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪২ রান করতে পারে চৌগাছা উপজেলা দল। এদিকে,বিকেলে স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে বালক ও বালিকা বিভাগের ২ টি খেলা হয়েছে। বালক বিভাগে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ঝিকরগাছা উপজেলা দল। ঝিকরগাছা ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে কেশবপুর উপজেলা দলকে। অপরদিকে, বালিকা বিভাগে দ্বিতীয় রাউন্ডে উঠেছে শার্শা উপজেলা দল। শার্শা সাডেন ডেথের গোলে পরাজিত করে সদর উপজেলা দলকে। খেলার নির্ধারিত সময় ও টাইব্রেকারেও ড্র হওয়ায় ম্যাচটি সাডেন ডেথে গড়ায়।