নিজস্ব প্রতিবেদক : যশোর ভোর রাতে সদরের রামনগর মুড়লী খান মার্কেটের সামনে ইয়াবা বেচাকেনার অভিযোগে হৃদয় হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার দখলে থাকা ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি বার্মিজ চাকু উদ্ধার করে। হৃদয় হোসেন যশোরের মণিরামপুর উপজেলার সাতনল বাজার বর্তমানে যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া জনৈক ছোট মনির বাড়ির ভাড়াটিয়া মৃত আসাদ আলীর ছেলে। এঘটনায় কোতয়ালি থানায় মাদক ও দ্রুত বিচার আইনে দু’টি মামলা হয়েছে। কোতয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানান, রোববার ৩ মে রাত্রিকালীন মোবাইল-১৩ ডিউটি করাকালে ভোর রাত আনুমানিক পৌনে ৫ টায় সদর উপজেলার মোবারক কাটি গ্রামের মায়া তেল পাম্পের সামনে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান একজন মাদক ব্যবসায়ী ও ত্রাস সৃষ্টিকারী রামনগর মুড়লী এলাকার খান মার্কেটের সামনে অবস্থান নিয়ে অবৈধ মাদকদ্রব্য কেনাবেচা বা অন্য কোন ধর্তব্য অপরাধ সংগঠনের জন্য জমায়েত হচ্ছে। সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাত ৫ টার পর সেখানে উপস্থিতি হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায় ব্যর্থ হয়। পরে তাকে গ্রেফতার করে তার দখলে থাকা ১০ পিস ইয়াবা ও ১টি বার্মিজ চাকু উদ্ধার করে। সোমবার ৪ মে দুপুরে তাকে কোতয়ালি থানায় দু’টি মামলায় আদালতে সোপর্দ করা হয়।