নিজস্ব প্রতিবেদক : নাট্য গবেষণা কেন্দ্র যশোরের আয়োজনে ১৩ ও ১৪ মে দুই দিনব্যাপী নববর্ষ নাট্যোৎসব ১৪৩৩ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। নাট্যচর্চাকে নব উদ্দীপনায় উজ্জীবিত করা এবং বাংলা নববর্ষের সাংস্কৃতিক তাৎপর্যকে সৃজনশীল শিল্পভাষায় উদ্?যাপনের লক্ষ্যে সংগঠনটির এই আয়োজন। উৎসবে নাটক মঞ্চায়ন পূর্বে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই নাট্যোৎসবে অংশগ্রহণ করবে যশোরের স্বনামধন্য ও সক্রিয় ১০ টি নাট্যদল। দলগুলো হলো শব্দ থিয়েটার, বিবর্তন যশোর, উদীচী যশোর, ব্যঞ্জন যশোর, ব্যঞ্জন থিয়েটার, তির্যক যশোর, শিল্পাঙ্গন যশোর, স্বপ্নচারী নাট্য নিকেতন, শেকড় যশোর ও প্রত্যয় থিয়েটার। ৩০ থেকে ৪০ মিনিটে একেকটি নাটকে থাকবে সমসাময়িক বিষয়। বিকেল ৫ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬ টা থেকে নাটক মঞ্চস্থ হবে। নাট্যউৎসবের অংশ হিসেবে প্রদান করা হবে “মঞ্চতরুণ পদক”। যশোরের নাট্যাঙ্গনে সক্রিয় ও সম্ভাবনাময় পাঁচজন তরুণ নাট্যকর্মীকে তাদের সৃজনশীল অবদান, নিষ্ঠা এবং নাট্যচর্চায় উদ্ভাবনী ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হবে। এ বিষয়ে নাট্য নির্দেশক শিপন চৌধুরী জানান- এ আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন নববর্ষের চেতনাকে ধারণ করা হবে, তেমনি অন্যদিকে স্থানীয় নাট্যদলসমূহের সৃজনশীল কর্মযজ্ঞ, নান্দনিক অনুসন্ধান এবং সামাজিক দায়বদ্ধতার বহুমাত্রিক প্রকাশ ঘটবে।