নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের শংকরপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামি বাসেদ আলী পরশ ও তার সহযোগী সাগর জামিনে মুক্তি পেয়ে নিহতের পরিবারকে হুমকি দিচ্ছে। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহতের পরিবার। লিখিত বক্তব্যে নিহতের স্ত্রী শামীমা বেগম জানান- তার স্বামী আলমগীর হোসেন বিএনপির পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গ্রিনল্যান্ড প্রোপার্টিজ নামক একটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ছিলেন। চলতি বছরের ৩ জানুয়ারি সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি মোটরসাইকেল ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। শংকরপুর ইসাহাক সড়কে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ বেশ কয়েকজন সন্ত্রাসীকে আটক করে। তাদের মধ্যে নিহতের জবানবন্দিতে জামাই বাসেদ আলী পরশ, আসাবুল ইসলাম সাগরসহ কয়েকজন নাম উঠে এসেছে। তিনি জানান, গত ৩০ এপ্রিল আসামি পরশ জামিনে মুক্ত হয়ে তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছে। এ বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তাকে জানানো হয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা জামিনে মুক্তি পাওয়া আসামিদের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেয়ে ইলারা খাতুন রাত্রি, নিহতের মামা এনামুল হক, তবিবর রহমানসহ শংকরপুর এলাকাবাসী।