নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার প্রকাশ্যে ইয়াবা বিক্রিতে বাধা দেয়ায় জাহিদ হোসেন ওরফে রাসেল (৩০) নামে একজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। আহত রাসেল চুড়ামনকাটি গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রাসেল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে রাসেল উল্লেখ করেছেন, চুড়ামনকাটি বাজারের পাশে তার ভাঙড়ি মালামালের গোডাউন রয়েছে। গোডাউনের পাশে চুড়ামনকাটি গ্রামের পান্নার ছেলে পায়েল ও জিসান প্রকাশ্যে ইয়াবা বিক্রি করে। এতে বাধা দেয়ার জের ধরে বুধবার সন্ধ্যায় পায়েল ও জিসান মিলে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
চুড়ামনকাটির সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, ইয়াবা ব্যবসায়ীদের হামলায় রাসেল নামে একজন আহত হয়েছেন বলে ভুক্তভোগী কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করার জন্য তিনি একটি কপি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।