নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা যুবদলের বহিষ্কৃত সাবেক প্রচার সম্পাদক এস্কান্দার আলী জনির বিরুদ্ধে কোতয়ালি থানায় সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা হয়েছে| জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা বাদী হয়ে মঙ্গলবার এ মামলা করেছেন| এস্কান্দার আলী জনি যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলাম মানিকের ছেলে|
মামলার অভিযোগে জানা গেছে, আসামি জনি যশোর জেলা যুবদলের সাথে সম্পৃক্ত ছিলেন| তিনি একজন মাদকাসক্ত| এহেন কর্মকাণ্ডের ফলে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল| বহিষ্কারের পর থেকে তিনি ক্ষিপ্ত হয়ে জাতীয়তাবাদী দলের জেলার নেতাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে আসছেন| তাকে একাধিকবার নিষেধ করার পরও তিনি তা কর্ণপাত করেননি| সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নানাভাবে আজেবাজে পোস্ট দিয়েই চলেছেন|
গত ১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে যুবদলের সদস্য সচিব আনছারুল হক চাঁচড়া ডালমিল এলাকার বাড়িতে ছিলেন| সে সময় দেখতে পান এস্কেন্দার আলী জনি ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে নানা রকমের মিথ্যা, বানোয়াট তথ্য উপস্থাপন করে কুৎসা রটাচ্ছেন| তাকে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে মিথ্যা তথ্য উপস্থাপন করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন করছেন| বিষয়টি তিনি অন্যান্যদের জানান এবং জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলে তিনি থানায় মামলা করেন|
অপরদিকে, যুবদলের আহবায়ক এম কামাল আহমেদ ১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে খড়কী শাহ আব্দুল করিম রোডের বাড়িতে অবস্থান করছিলেন| সে সময় দেখতে পান এস্কান্দার আলী জনি ফেসবুকে লাইভে এসে তার বিরুদ্ধে নানা রকম মিথ্যা ও কুৎসা রটাচ্ছেন| তিনিও জেলা বিএনপি’র সিনিয়র নেতাদের সাথে কথা বলে থানায় এ মামলা করেছেন|