Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনে তদন্ত কমিটি গঠন

এখন সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল , ২০২৬, ১১:৩৫:৩৫ পিএম

ফরহাদ খান ও মাহফুজুল ইসলাম মুন্নু, নড়াইল : নড়াইলের লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র কৃষ্ণ হালদারকে অমানবিক শারীরিক নির্যাতনের অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে| মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনিমেশ কুমার বিশ্বাস| তিনি জানান, লোহাগড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানীকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে| তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে| কমিটির সদস্যরা মঙ্গলবার (৭ এপ্রিল) ভুক্তভোগী শিক্ষার্থী ও তার অভিভাবক এবং অভিযুক্ত দুই শিক্ষকসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছেন|
ভুক্তভোগীর পরিবার জানায়, গত সোমবার (৬ এপ্রিল) দুপুরে স্কুল চলাকালীন সময়ে নড়াইলের লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক পঞ্চম শ্রেণির ছাত্র কৃষ্ণ হালদারকে অমানবিক শারীরিক নির্যাতন করেন| স্কুলের শিক্ষক রানী চক্রবর্তী শিক্ষার্থী কৃষ্ণ হালদারকে ব্লাক বোর্ডের কালি মোছার ডাস্টার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেদম মারধর করেন| এতে তার শরীরে ব্যাপক ক্ষত সৃষ্টি হয়েছে| অসুস্থ কৃষ্ণ হালদারকে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে|
এর আগে গত ১ এপ্রিল বুধবার স্কুলের আরেক শিক্ষক দীপক কুমার ভুক্তভোগী শিক্ষার্থী কৃষ্ণ হালদারকে অমানবিক শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে|
নির্যাতনের ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমানা আক্তারকে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষ্ণ হালদারের পরিবার| বরং নির্যাতনের ব্যাপারে প্রধান শিক্ষককে জানানোর ঘটনায় ক্ষিপ্ত হয়ে সোমবার (৬ এপ্রিল) দুপুরে কৃষ্ণ হালদারকে শিক্ষক রানী চক্রবর্তী ব্লাক বোর্ডের কালি মোছার ডাস্টার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেদম মারধর করেন|
কৃষ্ণ হালদারের বাবা লোহাগড়া ফয়েস মোড় এলাকার উত্তম হালদার বলেন, পড়া না পরার কারণ দেখিয়ে আমার ছেলেকে দুই শিক্ষক (দীপক ও রানী চক্রবর্তী) বারবার মারধর করছেন| আমরা এ ঘটনার বিচার চাই|
ভুক্তভোগী কৃষ্ণ হালদারের মা পল্লবী বলেন, আমার ছেলে আতঙ্কের মধ্যে আছে| স্কুলে যেতে ভয় পাচ্ছে| মারধরের শিকার হয়ে শরীরে অনেক ক্ষত হয়েছে|
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক রুমানা আক্তার বলেন, শিক্ষার্থী কৃষ্ণ হালদারকে মারধরের বিষয়টি দুঃখজনক| এ ঘটনায় দুই শিক্ষককে সর্তক করা হয়েছে| আমি নিষেধ করা সত্ত্বেও কৃষ্ণ হালদারকে মারধর করা হয়েছে|

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)