Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

৮ দফা দাবিতে যশোরে দলিতদের মানববন্ধন

এখন সময়: রবিবার, ২৯ মার্চ , ২০২৬, ১০:৫৬:৫১ পিএম

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস-২০২৬ উপলক্ষে ৮ দফা দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) যশোর জেলা শাখা।
রোববার (২৯ মার্চ) সাড়ে এগারোটার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি সূর্য বিশ্বাস এতে সভাপতিত্ব করেন।
মানববন্ধনে সংগঠনের সদস্য বিশাল বিশ্বাস, সুজন বিশ্বাস, চন্দনা বিশ্বাস ও স্বপ্ন বিশ্বাসসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা দলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সরকারের কাছে ৮ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী বিল-২০২২ সংশোধনপূর্বক দ্রুত পাস, সরকারি বিশ্ববিদ্যালয় ও চাকরিতে কোটা প্রবর্তন, জাতীয় জনগণনায় দলিতদের স্বীকৃতি, বাজেটে বিশেষ বরাদ্দ বৃদ্ধি, পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন ও ভূমি অধিকার নিশ্চিতকরণ, শ্রমিক হিসেবে স্বীকৃতি ও সুরক্ষা সামগ্রী প্রদান, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব এবং দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান সময়েও যশোর জেলার বিভিন্ন এলাকায় দলিত জনগোষ্ঠী চরম বৈষম্যের শিকার হচ্ছেন। অনেক হোটেল ও চায়ের দোকানে তাদের একই পাত্রে খাবার পরিবেশন করা হয় না, ফলে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। তারা পরিবার ও বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।
বিশেষ করে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, শ্যামনগর, দত্তপাড়া, এড়েন্দা, খাজুরা বাজার, বাঘারপাড়া উপজেলার রায়পুর, নারকেলবাড়ীয়া, হাবুল্যা, জামদিয়া, বালিয়াডাঙ্গা এবং চৌগাছা উপজেলার সনুয়া বাজারসহ বিভিন্ন এলাকায় এ ধরনের বৈষম্যমূলক আচরণ চলছে বলে মানববন্ধনে উল্লেখ করা হয়।
এ সময় বক্তারা বিষয়টি যশোর জেলা প্রশাসনের নজরে এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)