নিজস্ব প্রতিবেদক : অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি , পচা-বাসি, ভাত নতুন ভাতের সাথে মিশিয়ে বিক্রি করার উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে যশোর শহরের এমকে রোডের নাজমা হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিরর মাধ্যমে এতথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে নাজমা হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযানে সেখানে পরিদর্শনকালে দেখা যায়-বিপুল পরিমাণ পানিযুক্ত বাসি ও পচা ভাত নতুন ভাতের সাথে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা ছিল। সেই সাথে ময়লা বিষ্ঠাযুক্ত ডিম খালি হাতে ধরে খামিরের সাথে ব্যবহারের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।