অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে সিলিং ফ্যানের সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুপা শিকদার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের লেবুগাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গৃহবধূ রুপা শিকদার লেবুগাতী গ্রামের সুজন শিকদারের স্ত্রী। সুজন শিকদার জানান, বুধবার রাত ৮টার দিকে তার স্ত্রী নিজঘরের সিলিং ফ্যানের সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ এসে তার সুরতহাল সম্পন্ন করে। শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, ‘রাতে ওই বাড়িতে গিয়েছিলাম। এটি একটি দুর্ঘটনা।’ এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘বুধবার রাতে লেবুগাতী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রুপা শিকদার নামে একজন গৃহবধূ মারা যান।মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না হওয়ায় পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’