নিজস্ব প্রতিবেদক : যশোরে পারিবারিক বিরোধের জেরে আয়না বেগম (২৭) নামে এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কাশেমপুর ইউনিয়ন-এর কাশেমপুর বাজার সংলগ্ন স্বামীর বাড়িতে বিকেল সাড়ে ৫টার দিকে পারিবারিক বিরোধের জেরে স্বামী আলমগীর হোসেনের ওপর অভিমান করে ঘাস মারা কীটনাশক পান করেন আয়না বেগম। তিনি সাতমাইল মথুরাপুর গ্রামের রমজান মন্ডলের মেয়ে।
ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল-এভর্তি করেন। হাসপাতালের তৃতীয় তলার মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক দশটার দিকে তার মৃত্যু হয়।
মৃতদেহ ময়নাতদন্ত শেষে আত্মীয়স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।