কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। দেশকে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে নিয়ে যান। বুধবার বিকেলে কলারোয়া সরকারি প্রাইমারি স্কুল ময়দানে পৌর বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু প্রমুখ।