অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার, দুইশ লিটার জ্বালানি তেল ও দুটি ত্রিপল চুরির অভিযোগ উঠেছে। এ বিষয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মেসার্স উত্তরা কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার মো. সুরুজ হোসেন বাদী হয়ে বিবাদীগণের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) বিকালে ইস্টার ওয়ান শিপিং (প্রাঃ) লিমিটেড কোম্পানীর জাহাজ থেকে মেসার্স অভয়নগর ট্রান্সপোর্টের মাধ্যমে মেসার্স উত্তরা কর্পোরেশনের একটি ট্রাকে (যশোর-ট-১১-৪৭৬৫) ৩০০ (তিনশত) বস্তা সরকারি ইউরিয়া সার লোড করা হয়। উক্ত সার পৌঁছানোর গন্তব্যস্থল ছিলো যশোর বাফার গুদাম। সার লোড শেষে ওই দিন সন্ধ্যায় নওয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডে নওয়াপাড়া ফেরিঘাট নামক স্থানে ট্রাকটি রেখে চালক ও তার সহযোগি চলে যান। পরদিন মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ঘটনাস্থলে লোড ট্রাক না থাকায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ গ্রামে নিতা কোম্পানির সামনে যশোর-খুলনা মহাসড়কে ট্রাকের সন্ধান মেলে। এ সময় ট্রাকে লোড করা ৩০০বস্তা সরকারি ইউরিয়া সার, যার আনুমানিক মূল্য চার লাখ পাঁচ হাজার টাকা ও গাড়ির ট্যাংকিতে থাকা ২০০ লিটার জ্বালানি তেল এবং দুটি ত্রিপল পাওয়া যায়নি। অজ্ঞাতনামা বিবাদ/বিবাদীরা ট্রাকে লোডকৃত ৩০০বস্তা সরকারি ইউরিয়া সার, ২০০ লিটার জ্বালানি তেল ও দুটি ত্রিপল চুরি করে খালি ট্রাক রেখে পালিয়ে যায় মর্মে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন মেসার্স উত্তরা কর্পোরেশনের সহকারী ম্যানেজার মো. সুরুজ হোসেন। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ট্রাকটি (যশোর-ট-১১-৪৭৬৫) উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের ভেতরে কোনো সরকারি সার পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’