কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী আজহারুল ইসলাম মানিক (৪০) সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে ফেরার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর পিতা মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, তাঁর বড় ভাই কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত ছিলেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাঁর অপর এক ভাই কাজী মুজাহিদুল ইসলাম পান্না ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি এবং তাঁর ছোট ভাই কাজী রওনোকুল ইসলাম শ্রাবন ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। সোমবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ভোমরা চেকপোস্ট এলাকা থেকে কাজী আজহারুল ইসলাম মানিককে গ্রেফতার করে কেশবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম তাকে আটকের বিষয় নিশ্চিত করেছেন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী কাজী আজহারুল ইসলাম মানিকের বাড়ি উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া বাজার এলাকায়। তিনি গত ৮ নভেম্বর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। সোমবার দেশে ফেরার সময় ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কী মামলায় বা কী অভিযোগে তাকেকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কেশবপুর থানা পুলিশ তাৎক্ষণিক ভাবে বিস্তারিত জানায়নি।