নিজস্ব প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে চুরির শিকার হয়েছেন আবিরন বেগম (৫০) নামে এক নারী। হাসপাতালের প্যাথলজি বিভাগের সামনে বসে থাকার সময় কৌশলে তার ব্যাগ থেকে ১ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তার মেয়ে সালমা খাতুন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবিরন বেগম যশোরের চৌগাছা উপজেলার আড়ারদাহ গ্রামের মৃত শামসুল মণ্ডলের স্ত্রী। তার মেয়ে সালমা খাতুন জানান, মা ও শিশু কন্যাকে চিকিৎসককে দেখাতে হাসপাতালে এসেছিলেন। প্যাথলজি বিভাগের সামনে বসে থাকার সময় তার মায়ের ব্যাগ থেকে কৌশলে ১ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তার মায়ের পাশে দুই নারী বসেছিলেন। ওই দুই নারী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন তিনি। সালমা খাতুন আরও জানান, টাকা চুরি হয়ে যাওয়ায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে পারেননি তারা। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) সাইফুল ইসলাম জানান, রোগীর টাকা চুরির বিষয়টি তিনি শুনেছেন। চুরি প্রতিরোধে হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, হাসপাতালে রোগীদের টাকা ও স্বর্ণের চেইন চুরির ঘটনা প্রায়ই ঘটছে বলে অভিযোগ রয়েছে। চিকিৎসা নিতে এসে এমন চুরির ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে।