নিজস্ব প্রতিবেদক : যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৩ জন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) যশোর সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সর্বোচ্চ ৭ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া অভয়নগরে ৬ জন, চৌগাছায় ৬ জন, কেশবপুরে ৪ জন, বাঘারপাড়ায় ৩ জন, শার্শায় ২ জন এবং মণিরামপুরে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ঝিকরগাছায় নতুন কোনো রোগী ভর্তি হননি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৫৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৪৪০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে তিনজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৩ জন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য ৪৫ জনকে অন্যত্র পাঠানো হয়েছে। যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ ও জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের এলাকায় কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।