অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের চৌরাস্তা চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। আটক রকিবুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার রঘুনাথপুর গ্রামের সোনা মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বাশুয়াড়ী গ্রামের চৌরাস্তা চেকপোস্টে ঢাকা মেট্রো-গ-৪৩-৬২১৬ নম্বরের একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে লুকিয়ে রাখা একটি ট্র্যাভেল ব্যাগ থেকে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। এর মধ্যে ৯৯ বোতল ফেয়ারডিল ও ৯৯ বোতল উইনকোরেক্স সিরাপ ছিল। পরে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে চালক রকিবুল ইসলামকে আটক করা হয়। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া ফেয়ারডিল ও উইনকোরেক্স সিরাপ ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।