নিজস্ব প্রতিবেদক : যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের আলাদা অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় চৌগাছা ও কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মঙ্গলবার আদালতের মাধ্যমিক কারাগারে পাঠিয়েছে পুলিশ। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আফরা (চন্দ্রপুর) গ্রামে জনৈক সৈয়দের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালানো হয়। ডিবির এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ টিটো মিয়া ওরফে ঘ্যানা টিটো এবং মাসুদুর রহমানকে আটক করা হয়। আটক টিটো মিয়া চৌগাছা উপজেলার আফরা (চন্দ্রপুর) গ্রামের মকবুল হোসেন ওরফে মঙ্গল কসাইয়ের ছেলে অপর আটক মাসুদুর রহমান যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের কমলাপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে। অন্যদিকে, একই দিন কোতোয়ালি মডেল থানার চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল গ্রামে সাড়াপোল বাজারগামী সড়কে মৃত হাতেম আলীর বাড়ির সামনের কাঁচা রাস্তায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। এসআই শিবু মণ্ডলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আবু সাঈদ ও রুহুল আমিন বিশ্বাসকে আটক করা হয়। আটক আবু সাঈদ সাড়াপোল গ্রামের শাহজাহান গাজীর ছেলে এবং রুহুল আমিন বিশ্বাস রূপদিয়া গ্রামের আদু বিশ্বাসের ছেলে।