প্রেস বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং পাইকগাছায় কোস্টাল জোন ম্যানেজমেন্ট স্কুল চালুর সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিনে পরিদর্শন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল। ২০ অক্টোবর (মঙ্গলবার) সকালে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোঃ আসলাম হোসেন এর নেতৃত্বে প্রতিনিধি দলটি খুলনা বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম তাঁদের স্বাগত জানান। পরিদর্শনের শুরুতে প্রতিনিধি দল খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটের জন্য বিদ্যমান বিভিন্ন অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এ সময় তাঁদের জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারকে আরও বিশেষায়িত করে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে রূপান্তরের বিষয়ে ইতোমধ্যে সিন্ডিকেটের অনুমোদন পাওয়া গেছে। ইউজিসির অনুমোদন পাওয়া গেলে দ্রুততম সময়ের মধ্যে ইনস্টিটিউটটি চালু করা সম্ভব হবে। পরিদর্শন শেষে এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে প্রতিনিধি দলের সদস্যরা খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছাস্থ ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় তাঁরা সেখানে অবস্থিত একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, আবাসিক হলসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের সঙ্গে কথা বলে অবকাঠামোগুলোর বর্তমান অবস্থা ও নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে ধারণা নেন। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাইকগাছায় কোস্টাল জোন ম্যানেজমেন্ট স্কুল চালুর পরিকল্পনা রয়েছে। এ স্কুলের অধীনে ক্লাইমেট চেঞ্জ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ওশানোগ্রাফি নামে দুটি নতুন বিভাগ খোলার পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া পাইকগাছাস্থ ক্যাম্পাসকে খুলনা বিশ্ববিদ্যালয়ের লিভিং ল্যাব হিসেবেও ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ইউজিসির প্রতিনিধি দলের সদস্যরা পাইকগাছাস্থ ক্যাম্পাসের ভৌগোলিক অবস্থান ও বিদ্যমান অবকাঠামো বিবেচনায় নিয়ে জলবায়ু পরিবর্তন ও কোস্টাল জোন ম্যানেজমেন্ট-সংশ্লিষ্ট শিক্ষা ও গবেষণায় এ ক্যাম্পাসটি বাংলাদেশের একটি অনন্য উদাহরণ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ লক্ষ্য বাস্তবায়নে তাঁরা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ইউজিসির সদস্য প্রফেসর ড. মোঃ আসলাম হোসেন এর সাথে প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে এম আজম চৌধুরী, ইউজিসির পাবলিক ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ গোলাম মোস্তফা এবং একই বিভাগের সহকারী পরিচালক মোঃ মুহিবুল্লাহ। এ সময় জলবায়ু পরিবর্তন এবং কোস্টাল জোন ম্যানেজমেন্ট বিষয়ে পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক এবং নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনুর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহজালাল এবং এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।