নিজস্ব প্রতিবেদক : নেশার টাকার জন্য বাবা-মাকে হত্যার চেষ্টা ও ভাংচুরের দায়ে অবাধ্য সন্তান রায়হান হোসেনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যশোরের একদিনের বিচারিক আদালত। রোববার (১৮ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (চতুর্থ) আদালতের বিচারক সাকিব আহম্মেদ ইমন এক রায়ে এ সাজা দেন। রায়হান হোসেন যশোর সদর উপজেলার ছোট বালিয়াডাঙা গ্রামের আনিছুর রহমানের ছেলে। আদালত সূত্রে জানাগেছে, অসৎ প্রকৃতির লোকজনের সাথে মিশে রায়হান গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক দ্রব্য সেবন করে মাদকাসক্ত হয়ে পড়ে। কিছুতেই এই পথ থেকে ফেরাতে পারেননি তার বাবা আনিছুর রহমান ও মা চামেলী বেগম। প্রায় সময় সে মাদক সেবনের জন্য টাকা দাবি করতো। ১৮ অক্টোবর বেলা ১২টার দিকে রায়হান মাদক সেবনের জন্য তার বাবা-মায়ের কাছে টাকা দাবি করে। টাকা না দিলে রায়হান তার মাকে মারপিট করে। এবং দা বটি, চাকু নিয়ে তার বাবাকে কোপাতে উদ্ধত হয়। তার মাকে রায়হান গলাচেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। সে সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রায়হানকে আটক করে। পরে তার পিতা পুলিশে সংবাদ দিলে কোতোয়ালি থানার এসআই তামিম রহমান বাড়িতে গিয়ে রায়হানকে হেফাজতে নেন। তার পিতা লিখিত অভিযোগ করলে পুলিশ রায়হানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে সোপর্দ করে। আদালতে উভয়পক্ষের কথা শুনে রায়হানকে বিচারক ৬ মাসের কারাদণ্ড দেন।