চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় হামে আক্রান্ত হয়ে অবাইদুল ইসলাম সবুজ (৪০) নামে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অবাইদুল ইসলাম সবুজ চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্বজনরা জানান, গত ৯ অক্টোবর সবুজ জ্বরে আক্রান্ত হন। প্রথম দুই দিন প্রাথমিক চিকিৎসা নেন। জ্বর না কমায় ১১ অক্টোবর তাঁকে যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান তিনি হাম জ্বরে আক্রান্ত।। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি আগে থেকেই হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা। সবুজ পাশাপোল গ্রামের আব্দুস সামাদের তিন সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান ছিলেন। অবাইদুল ইসলাম সবুজের বৈবাহিক জীবনে ৪ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। যশোরের ইবনে সিনা হাসপাতালের কাস্টমার কেয়ার কর্মকর্তা নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ হামজ্বরে আক্রান্ত ছিলেন। তাঁর মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। তাঁরা তাঁর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শনিবার আসরের নামাজের পর পাশাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা নামাজের পরে পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।