খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় গাইদঘাট ক্রীড়া ফেডারেশন আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাগুরার শর্শনা ফুটবল একাদশকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যশোরের সুতীঘাটা ফুটবল একাদশ। শুক্রবার বিকেলে গাইদঘাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি উপভোগ করতে হাজারো দর্শকের সমাগম ঘটে। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো মাঠজুড়ে ছিল টানটান উত্তেজনা। নির্ধারিত সময়ের দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে শর্শনা দলের স্বাধীন একটি গোল করে দলকে এগিয়ে নেন। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে সুতীঘাটা ফুটবল একাদশ। একের পর এক আক্রমণের পর ২৫ মিনিটে দলের পক্ষে আলম গোল করে খেলায় সমতা ফেরান। পরবর্তী সময়ে দুই দলই জয়সূচক গোলের জন্য একাধিক চেষ্টা চালালেও আর কোনো গোলের দেখা মেলেনি। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। টাইব্রেকারে সুতীঘাটা ফুটবল একাদশ ৫-৩ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফেরদৌস হাসান। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সুতীঘাটা দলের আলম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। আর পুরো টুর্নামেন্টে নৈপুণ্য প্রদর্শন করে একই দলের আরাফাত নির্বাচিত হন ম্যান অব দ্যা টুর্নামেন্ট। খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।বিশেষ অতিথি ছিলেন গাইদঘাট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ফজলুর রহমান ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল আলিম বিশ্বাস। বন্দবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির নেতা সঞ্চল হোসেন, বিএনপি নেতা ওলিয়ার রহমান, রাজু আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।আয়োজকদের মতে, এ ধরনের ফুটবল টুর্নামেন্ট তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।