কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর ও যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি,আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান এর জন্য বিশেষ জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত, শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যক্রম তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সকলকে সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভায় পুলিশ প্রশাসনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভায় কেশবপুর উপজেলায় শান্তি, সম্প্রীতি ও জননিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।