রুনু খন্দকার, আলমডাঙ্গা: কবিতা আবৃত্তিতে অসাধারণ সাফল্য অর্জন করে খুলনা বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী অর্পিতা সূত্রধর। বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবার জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে যাচ্ছে সে। অর্পিতার এ সাফল্যে গর্বিত তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। কবিতার ছন্দ, শব্দের মাধুর্য, আবেগ ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিচারকদের মন জয় করে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে সে। তার এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং আলমডাঙ্গার শিক্ষাঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনের জন্যও আনন্দ ও গৌরবের বিষয়। কবিতা মানুষের মনন, মানবিকতা ও সৃজনশীলতাকে সমৃদ্ধ করে। আর সেই কবিতাকে কণ্ঠে ধারণ করে অর্পিতার এ সাফল্য প্রমাণ করে, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার জাতীয় পর্যায়ে নিজের প্রতিভা তুলে ধরার অপেক্ষায় অর্পিতা। বিভাগীয় পর্যায়ের এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় পর্যায়েও সে কৃতিত্বের স্বাক্ষর রাখবে—এমন প্রত্যাশা শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের। অর্পিতা সূত্রধরের জন্য রইল আন্তরিক শুভকামনা ও অভিনন্দন। জাতীয় পর্যায়ে তার সাফল্য অর্জনের মধ্য দিয়ে আলমডাঙ্গার মুখ আরও উজ্জ্বল হোক—এটাই সবার প্রত্যাশা।